চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে পুলিশের অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। স্থানীয় বিএনপির একজন নেতা বলেন, 'সন্ত্রাসীদের দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। যার প্রমাণ আজকের এই মিছিল। নিষিদ্ধ এই দলের সন্ত্রাসীরা পুলিশ কর্মকর্তার ওপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।
বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, কালকের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটু পরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।