ইউপিডিএফের গোপন ঘাঁটিতে সেনা অভিযান, একে-৪৭সহ বিপুল অস্ত্র উদ্ধার

94

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের দুর্গম পাহাড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ – প্রসীত গ্রুপ) এর একটি গোপন ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

Advertisement
spot_img

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বাঘাইহাট জোনের (৬ ইস্ট বেঙ্গল) একটি বিশেষ বাহিনী হরেন্দ্র পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উভয়পক্ষে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।
অভিযানের তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপি হরেন্দ্র পাড়া (৯ নম্বর পাড়া আর্মি ক্যাম্প এলাকা) এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় গুলির মুখে ইউপিডিএফ সদস্যরা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে— একে ৪৭ ১টি, গাদা বন্দুক ৩টি, দেশীয় তৈরি এলজি (পিস্তল) ১টি, ম্যাগাজিন ১টি, বল এ্যামুঃ ৬ রাউন্ড, কার্তুজ ১ রাউন্ড, খালি কার্টিজ ৪২টি, ওয়াকি-টকি সেট-৪টি, ওয়াকিটকি সেটের চার্জার ক্যাবলসহ ৪টি, এ্যামুঃপোচ ১টি, জিপিএস ১টি, গোপন ভিডিও ক্যামেরা কলম ৩টি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম ২টি। চশমা, ইউপিডিএফ লং লাইভ আর্মব্যান্ড-০৫টি, ইউপিডিএফ পতাকা, বিভিন্ন ধরনের রাজনৈতিক বই ও চাঁদা আদায়ে রশিদ বই।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) কনক সরকার বলেন, ‘বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ-এর আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।’

Advertisement
spot_img