চট্টগ্রামে টানা বর্ষণে জলজট

120

নিম্নচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে কয়েকদিন ধরে সারাদেশের মতো চট্টগ্রামেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তবে সোমবার (২৮ জুলাই) সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সকাল ৭টার পর শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি ঝড়ে একটানা সাড়ে ১০টা পর্যন্ত। এ সময় নগরীর মেহেদীবাগ, জিইসি, চকবাজার, মুরাদপুর, বাদুরতলা, বড়গ্যারেজ, সিরাজদৌল্লাহ রোড, দুই নম্বর গেট, আগ্রাবাদ, দেওয়ানহাট, কাতালগঞ্জ, নয়াবাজার, রিয়াজুদ্দিন বাজার তিনপুল, জামাল খান, প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকার সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে পরিবহন সংকট দেখা দেয়। এই সুযোগে রিকশা ও সিএনজি চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। অনেকেই গাড়ি না পেয়ে হেঁটেই রওনা দেন। আবার অনেকে মাঝপথে গাড়ি পেয়ে দেরিতে পৌঁছান পরীক্ষা কেন্দ্রে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে জানানো হয়েছে, আগের তুলনায় এখন জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে না। বৃষ্টি থেমে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বেশিরভাগ এলাকায় পানি নেমে যাচ্ছে।
এদিকে সকালে ভারি বৃষ্টির পর পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এরপর কয়েকটি এলাকা এবং ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেছেন মেয়র শাহাদাত হোসেন।

Advertisement
spot_img

নগরীর কাপাসগোলা ও কাতালগঞ্জ এলাকায় পরিদর্শনে গিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘জলাবদ্ধতা ৫০ শতাংশ আমরা কমাতে পেরেছি। এটা সময়ের ব্যাপার। ৫৭টি খালের মধ্যে ৩৬টি খালের কাজ করছে সিডিএ। এরমধ্যে ২২টি খালের কাজ শেষ হয়েছে। ১৪টি খালের কাজ বাকি আছে। এর বাইরে আরো ২০টি খাল বাকি, সেগুলোও আমাদের সংস্কার করতে হবে। এই এলাকার মূল খাল হিজড়া খাল। এটা কাপাসগোলা থেকে নিয়ে কাতালগঞ্জ পর্যন্ত। এই খালের সংস্কার শেষ হলে এবং নালার কাজ শেষ হলে এই এলাকার সমস্যা সমাধান হবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘আমবাগান কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১০২ মিলিমিটার। সোমবার দিনভর বৃষ্টি ঝরবে এবং মঙ্গলবার থেকে পরের কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আজকে সারাদিন মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে থাকবে। যেহেতু বর্ষাকাল বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে।
বর্ষাকাল শেষ হলে ওই এলাকার সড়ক উঁচু করার কাজ করা হবে বলে জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, আগে বহদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুল এলাকায় পানি উঠত। সেখানে নালার উপর মার্কেট ভেঙে দেয়ার পর অনেকটা কমেছে। আগ্রাবাদে বক্স কালভার্টের কাজ চলছে। সেটা শেষ হলে আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা অনেকটা কমবে বলে আশা করছেন মেয়র।

Advertisement
spot_img