
চব্বিশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের চট্টগ্রামের প্রথম শহিদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরাম এর কবরে ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ নবনির্বাচিত সকল মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় সংসদের সভাপতি সালাহউদ্দিন শাহেদ বলেন- শহীদ ওয়াসিম যেই বাংলাদেশ বিনির্মানে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, ওয়াসিমের সেই বাংলাদেশ বিনির্মানে শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ আজীবন কাজ করে যাবে।
তিনি আরো বলেন, ‘আজ শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা আশা করেছিলাম রাষ্ট্রীয়ভাবে তাকে যথাযথভাবে স্মরণ করা হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি, যা আমাদের গভীরভাবে হতাশ করেছে। ওয়াসিম যে স্বপ্ন ও আদর্শ নিয়ে জীবন উৎসর্গ করেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। বরং বর্তমান সরকার রাজনৈতিক কারণে তাকে অবমূল্যায়ন করছে, যা অত্যন্ত দুঃখজনক।’
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে চট্টগ্রামে চলমান গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি ছিলেন ছাত্রদলের সক্রিয় কর্মী।
















