সরকার শহিদ পরিবার পুনর্বাসনে দায়িত্বশীল পদক্ষেপ নিচ্ছে : ফারুক-ই-আজম

129

‘সরকার আবেগ নয়, দায়িত্ব নিয়ে কাজ করছে’ এমনটা মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। তিনি বলেন, ‘শহিদ পরিবারগুলোর পুনর্বাসন ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তায় সরকার পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করছে।’

Advertisement
spot_img

বুধবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জুলাই শহিদদের কোনো পরিবার মানবেতর জীবনযাপন করছে না। পরিবারগুলোর মধ্যে নানা পারিবারিক দ্বন্দ্ব থাকলেও, আমরা চাই না কেউ কষ্টে থাকুক। তাদের জন্য এককালীন অনুদান, ভাতা ও সার্বক্ষণিক তদারকির জন্য একটি অধিদফতর গঠন করা হয়েছে।’

উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ‘অনেকেই আবেগে ভেসে যায়, নানা কথা বলেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে হয় না—দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এখন যেসব কাজ হচ্ছে তা অনেক গুছানো এবং কাঠামোবদ্ধ। শহিদ পরিবারগুলোর ব্যাপারে সরকার খুবই সচেতনভাবে এগোচ্ছে।’

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত ফলক প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৮৬৪টি স্থানে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হবে। শহিদরা যেসব স্থানে প্রাণ দিয়েছেন, সেই জায়গাগুলোতেই এ স্মৃতিচিহ্ন থাকবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।

হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্রুত বিচার মানেই যেন ক্যাঙ্গারু কোর্ট না হয়, আবার দীর্ঘসূত্রিতা যেন বিচারহীনতায় পরিণত না হয়—এই ব্যালান্স বজায় রাখতে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এমনকি বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যাতে বিশ্ব জানে আমাদের বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম এবং স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

Advertisement
spot_img