সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি-তিশা

78

সময়মতো আয়কর না দেওয়ায় অভিনয়শিল্পী মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ মোট ২৫ জন তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (২২ জুন) প্রকাশ করে এনবিআর।

Advertisement
spot_img

প্রজ্ঞাপনে “নুসরাত ইয়াসমিন তিশা” নামের একজনের নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। অনেকেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামের সঙ্গে বিভ্রান্তিকরভাবে বিষয়টি জড়িয়ে সমালোচনা শুরু করেন।

এ নিয়ে রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন নুসরাত ইমরোজ তিশা। সেখানে তিনি লেখেন, “সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও লেখেন, “আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে আয়কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আশা করি, সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।”

পোস্টের শেষাংশে অভিনেত্রী তিশা তাঁর দর্শক ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ীরা, আপনাদের ভালোবাসা ও আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি।”

প্রসঙ্গত, যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর না দেওয়ায় এনবিআর এ পদক্ষেপ নেয়। তবে নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করলেই তাঁদের ব্যাংক হিসাব পুনরায় সচল করা হবে বলে জানা গেছে।

Advertisement
spot_img