কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি 

109

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই সিএনজিটি সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে গিয়েছিল।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
spot_img

জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ৭টা ৪৫ মিনিটের দিকে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় একটি সিএনজি অটোরিকশা। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, অন্তত চারজনের বেশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। সেখানে আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়েছে।

এদিকে এই দুর্ঘটনায় সিএনজিতে থাকা একজন শিশু নিহতের খবর পাওয়া গেলেও তা দায়িত্বশীল কেউ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম সিভয়েস২৪’কে জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা নেই।

Advertisement
spot_img