পরিবেশ রক্ষায় তারেক রহমানের কার্যকর পাঁচ পদক্ষেপের প্রতিশ্রুতি

103

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের পরিবেশ সুরক্ষায় পাঁচটি কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement
spot_img

বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিবৃতিতে তারেক রহমান বলেন, “পরিবেশ সংরক্ষণ এখন আর বিলাসিতা নয়, এটি সময়ের অনিবার্য দাবি। অদূরদর্শী শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি নৈতিক দায়িত্ব।”

তারেক রহমান আরও বলেন, “বিএনপি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে গুরুত্ব দিয়ে এসেছে। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ বিভাগে রূপ নেয়। ১৯৯৫ সালে খালেদা জিয়া পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং পরিবেশ আদালতের ভিত্তি স্থাপন করেন।”

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে নিম্নোক্ত পাঁচটি উদ্যোগ বাস্তবায়নে অগ্রাধিকার দেবে:

জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান: পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই কৃষি খাতে বিনিয়োগ।

প্লাস্টিক ও রাসায়নিক নিষিদ্ধকরণ: ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য নিষিদ্ধ করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ প্রদান।

নদী ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খনন ও সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন।

জলবায়ু সহনশীল দক্ষিণাঞ্চল গঠন: দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় টেকসই অবকাঠামো ও কৃষি ব্যবস্থা উন্নয়ন।

পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা: শিক্ষাক্রমে পরিবেশবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ।

তিনি আহ্বান জানান, “আসুন, এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করি—যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার হয়ে থাকবে।”

Advertisement
spot_img