ডা: জুবাইদা ও জাইমা রহমানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

134

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই।

Advertisement
spot_img

আজ বৃহস্পতিবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেইক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও এ আই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র ডা: জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত, এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছ জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরণের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে, তারা সুদুরপ্রসারী কোনো চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি।

তিনি বলেন, বিএনপি’র ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী ডা: জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকসহ এ আই- এর মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি এবং প্রচার করা শুধুমাত্র গর্হিত কাজই নয়, গুরুতর অপরাধ।

এ গর্হিত কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রিজভী।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়।

বিএনপির এই মুখপাত্র বলেন, দৃঢ়কণ্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে ডা: জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

Advertisement
spot_img