
শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার (২৬ মে) দুপুরে শেরপুর সীমান্তের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবন এলাকায় এ ঘটনা ঘটে। এদিন স্থানীয় প্রশাসনের উদ্যোগে গারো পাহাড়ঘেরা বনভূমির ভেতর পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ও তা ঘিরে বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে এলাকা পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান।
পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না।’ তিনি আরও জানান, ওই এলাকায় হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা চলছে।
তার এই ঘোষণার পরই স্থানীয় লোকজনের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুই পক্ষ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা করে।
















