
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও আইন বিভাগের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি (CUMCS)”। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বাস্তবমুখী আইনি জ্ঞান ও দক্ষতা অর্জনের একটি সুসংগঠিত এবং কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি করা, যার মাধ্যমে তারা ভবিষ্যতের আইনজীবী হিসেবে নিজেদের আরও ভালভাবে প্রস্তুত করতে পারবে।
বর্তমান সময়ে আইন শিক্ষার গণ্ডি শুধুমাত্র শ্রেণিকক্ষভিত্তিক তত্ত্বীয় জ্ঞানে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব আইনি চর্চা ও প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সে লক্ষ্যে CUMCS শিক্ষার্থীদের জন্য এমন একটি ক্ষেত্র তৈরি করবে যেখানে তারা মুট কোর্ট, বিতর্ক, আইন বিষয়ক গবেষণা ও লেখনীসহ নানা প্রাসঙ্গিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। এর ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে আইনি প্রশিক্ষণ লাভের পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাস, বিশ্লেষণী ক্ষমতা এবং পেশাগত যোগাযোগ দক্ষতা উন্নত করার সুযোগ পাবে।
CUMCS-এর মিশন হলো একটি অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলা যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার, বক্তৃতা, মক ট্রায়াল এবং মুট কোর্ট ইভেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও, বিভিন্ন মুট কোর্ট সোসাইটি, আইনজীবী, এবং সামাজিক-আইনি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং খণ্ডকালীন পেশাগত সুযোগ তৈরিতে কাজ করবে।
CUMCS-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আইন বিভাগের এলএল.এম. এর শিক্ষার্থী লামিয়া তাজ নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একই বর্ষের মো. মনিরুল ইসলাম।
সংগঠনের কার্যক্রম ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সাংগঠনিক সম্পাদক নিশাত তাসনিম। গবেষণা শাখায় সেক্রেটারিয়েট হিসেবে রয়েছেন নুরেন শেহনিন, ঐন্দ্রিলা বড়ুয়া এবং সৈয়দা সাদিয়া যাহরা। প্রকাশনা শাখায় রয়েছেন ইতমিনান মনির বাসিলিস, মো. আসিফ রহমান রিয়াদ এবং জান্নাতুল ফিরদাউস। প্রতিযোগিতা শাখায় দায়িত্বে আছেন সানজিদা আক্তার দোলা, মো. ফজলে রাব্বী তৌহিদ এবং কে.এম. মশিউর রহমান। অর্থ শাখায় রয়েছেন ফুয়াদ হাসান গালিব, আরমানুল হাসান মাসুম এবং অন্তরা চাকমা। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দীন এবং প্রফেসর ড. আসমা বিনতে শফিক।
CUMCS প্রতিষ্ঠার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী মুটিং সংস্কৃতির সূচনা ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আইন বিভাগের শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেবল প্রতিযোগিতায় অংশগ্রহণই করবে না, বরং পেশাগত দিক থেকে নিজেদের প্রস্তুত করবে একটি বৈশ্বিক মানের আইনজীবী হিসেবে।
এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সাবেক ডীন প্রফেসর আব্দুল্লাহ আল আরুক বলেন, “ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ অনেক আগে প্রতিষ্ঠিত হবার পরেও আমাদের মুট কোর্ট সোসাইটি ছিলোনা। আমি অত্যন্ত আনন্দিত যে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের মুটিং কালচার ত্বরান্বিত হবে। আমাদের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে আরও দক্ষতার সাথে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং আইন বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্যে আরও সফলতা অর্জন করবে।”
















