বিতর্কিত ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

188

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

Advertisement
spot_img

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের। এই চারজনসহ ১৮ সালের আরো ১৮ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সচিব বলেন, ‘আমরা ইতিমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হয়। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি।’

মোখলেস উর রহমান বলেন, ‘আজকে ২২ জন এরকম যারা ডিসি ছিলেন এখন সচিব রয়েছেন, এমন ২২ জনকে বাধ্যতামূলক অবসর দেয়ার আদেশ জারি হয়েছে।’

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর যে নির্বাচন, সেটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এ সমস্ত জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তারা (ওই সময়ের ডিসিরা) অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোন একজন ডিসিও বলেনি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকবো না, আমি রিজাইন করলাম, কাজ করবো না।

Advertisement
spot_img