অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে এ পর্যন্ত আটক ৭৫

215

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলার পর এবং অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত ৭৫ জনকে আটক করা হয়েছে।

Advertisement
spot_img

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন এবং গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে ৩৫ জন গাজীপুর মহানগরের। এর মধ্যে ১৬ জনকে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরুর আগেই আটক করা হয়েছিল। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাইরে কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালিগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার আতঙ্কে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ধীরাশ্রম এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। অধিকাংশ বাড়িতে এখন তালা ঝুলছে। কোনো কোনো এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। গত রাতে ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন আওয়ামী লীগ-যুব লীগের নেতাকর্মীরা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেন, হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে গতকাল রাত তিনটার দিকে হাসপাতালটিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে লুটপাট হচ্ছে। এ সময় আওয়ামী লীগ-যুব লীগের নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

তবে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ ক ম মোজাম্মেল, রাসেল, জাহাঙ্গীরসহ সকলকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সেই ঘটনার পরপরই সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করে সরকার।

Advertisement
spot_img