রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ

120
চলমান সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল অংশ নিতে পারে।
এদিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘ত্বকের ছোটখাটো চিকিৎসা’ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যথারীতি কাজে ফিরেছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানিয়েছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হলে কাজ শুরু করে কমিশনগুলো। এর আগের সংলাপগুলোতে রাজনৈতিক দলগুলো নির্বাচনি রোডম্যাপসহ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান ও প্রস্তাবনা তুলে ধরেছে সরকারের কাছে। এর মধ্যে বিভিন্ন খাতের সংস্কারে ছয়টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করেছে সরকার। আরও চারটি কমিশনের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে।
সংলাপে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও প্রস্তাবনা শোনার পাশাপাশি উপদেষ্টা পরিষদ বিভিন্ন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তাদের পরামর্শও নেবেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টের শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সংলাপে বসেন ড. ইউনূস। সবশেষ গত ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও গণতন্ত্র মঞ্চসহ তিনটি জোট সংলাপে অংশ নেয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। এর আগেও সংলাপ হয়েছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার আরও এক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার একটি স্কিন লিজন অপসারণ করতে ছোটখাটো একটা চিকিৎসা হয়েছে। বৃহস্পতিবার তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। শুক্রবার সকালে আবার নিয়মিত কাজ শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস গতকাল বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন।
Advertisement
spot_img