
দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এবং স্মারকলিপি দিয়েও বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার না হওয়ায় এবার বাস চলাচল বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বহদ্দারহাট বাস আঞ্চলিক টার্মিনাল সংশ্লিষ্ট ৫টি শ্রমিক সংগঠন।
এ কর্মসূচির ফলে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শাহ আমানত সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার ও বান্দরবানমুখী বাস, মিনিবাস ও চেয়ার কোচ চলাচল বন্ধ রয়েছে।ফলে দূর্ভোগে পড়েছে যাত্রীরা।
বুধবার (২৪ মে) সন্ধ্যায় আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশ আহ্বানকারী পাঁচ শ্রমিক সংগঠন হলো- আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-সাতকানিয়া-চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান কেরানীহাট শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সংগঠনগুলো যৌথ উদ্যোগে বহদ্দারহাট বাস টার্মিনালে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
জানা যায়, ১৯৯৫ সালে নগরীর বহদ্দারহাটে একটি টার্মিনাল নির্মাণ করা হয়। পরে কদমতলীতে রেলওয়ে থেকে ইজারা নিয়ে সীমিত পরিসরে গড়ে ওঠে আরেকটি টার্মিনাল। এরপর আর কোনো টার্মিনাল গড়ে ওঠেনি। অথচ নগরীর ৬০ লাখ মানুষের মধ্যে ৪০ লাখের বেশি অন্যান্য অঞ্চলের বাসিন্দা। প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লাখ মানুষ ৩০ হাজারের বেশি যানবাহনে চট্টগ্রামে আসা–যাওয়া করে। বাস টার্মিনালের অভাবে নানা সমস্যা আর ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিক ও যাত্রীদের। স্থায়ী কোনো বাস টার্মিনাল না থাকায় দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শাহ আমানত সেতুর গোলচত্বরকে অঘোষিত টার্মিনাল বানিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা হয়।
















