
বুলেট
# আয়শা আক্তার শিল্পী
সদ্য মা হওয়া মেয়েটির
সন্তানের মুখে মা ডাক শোনার অধিকার
কেঁড়ে নিলো জানালা দিয়ে ছুটে আসা বুলেট
সদ্যজাত সন্তান জানে না বুলেট কী!
কেন তার মাকে কেঁড়ে নিলো?
ছাদে খেলতে থাকা মেয়েটি
জানে না কোটা আন্দোলন কী!
বাবা গুলির শব্দে মেয়েকে কোলে নিয়ে ঘরে ফিরছিলেন
একমুহূর্ত সময় নষ্ট না করে বুলেট এসে
বাবার কোল থেকে মেয়েটিকে খেয়ে নিলো।
জানালা বন্ধ করতে যাওয়া ছেলেটি জানতো না
ওর জন্য জানালায় অপেক্ষা করছে বুলেট
ওর ছোট্ট বুকে বিঁধবে বলে;
ও জানতো না পৃথিবী ওর জন্য ওর থেকেও ছোটো হয়ে গেছে।
চার বছরের আহাদকে তার বাবা
জানলার থেকে সরিয়ে নেবে বলে কোলে তুলেছিলো
বুলেট ওকেও ছাড়েনি,
ওর চোখ ভেদ করে মাথায় গিয়ে আটকালো
টু শব্দ করতে পারেনি আহাদ
বাবার পরান বাবার কোলেই নিস্তেজ হয়ে গেলো।
















