
চুমুর নিচে বিশ্রাম
@ নাসিমা হক মুক্তা
বেশ বুঝতে পারছি
আজ ভোর কিছুটা জড়িয়েছে গায়ে
আমি চাদর নিলাম
সাথে টুকটুক স্বাদ বিহীন এককাপ চা
রস থাকলেও চিনি নেই
এক্কেবারে মুখের ভেতর গুলিয়ে যাচ্ছে – অতৃপ্তি
তবুও লোকে বলে- তা নাকি স্বাস্থ্যকর!
এমন জিনিসে চুমুক না দিলে বৃথা এ সময়
জানালার ফাঁকে -দেখছি হালকা বৃষ্টির মত
শীতল ঝরছে,
প্রকৃতিও কিছুটা পিঠের কাপড় ছেড়ে
ভিজে নিচ্ছে – শরীর
আমার মনও কেমন কেমন করে – যদি ওরা সঙ্গ নিত
তাহলে কিছু এলিয়ে দিতাম
তাদেরও তাপের প্রয়োজন – জানি
প্রকৃতি ও মানুষ মিলেমিশে এক!
ওদের নির্যাস, ওদের রঙ,ওদের ছন্দ
ওদের এলিয়ে পড়া, দুলিয়ে যাওয়া, জড়িয়ে ধরা
সবকিছু মানুষ জীবনের ভেতর বিদ্যমান
যেখানে উন্মত্ত চুমুর নিচে বিশ্রাম করে –
প্রতিটি মানব ও
তার অনুভব!
















