
সার্ভারের যন্ত্রাংশের ত্রুটির কারণে পাসপোর্টের আবেদন থেকে ডেলিভারি, বন্ধ ছিল সব সেবা। কখন সার্ভার জটিলতার সমাধান হবে তা বলতে পারছেন না কেউই। ঢাকা থেকে যন্ত্র আসলে আজ সার্ভার ঠিক হতে পারে—এমন দাবি করছে কর্তৃপক্ষ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অবস্থিত জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোন কাজ হয়নি । তবে বিকেল পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টাতেও সার্ভার জটিলতার অবসান হয়নি। সারা দিন পাসপোর্ট অফিসের গেটের সামনে সেবাগ্রহীতাদের ভিড় ছিল।
বেলা ১২টা ২০ মিনিটের দিকে একজন আনসার সদস্য গেটের বাইরে এসে একটি নোটিশ সাঁটিয়ে দেয়। জরুরি বিজ্ঞপ্তির ওই নোটিশে লেখা আছে, ‘সার্ভার জটিলতার কারণে আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাঁচলাইশ, চট্টগ্রামের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে কখন নাগাদ ঠিক হবে তা উল্লেখ করা হয়নি।
দায়িত্বরত আমির নামে এক পুলিশ সদস্য জানান, সকাল ৯টা থেকেই বন্ধ আছে পাসপোর্ট অফিসের সেবা প্রদান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গেটের ভেতরে তাই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের অফিসের পাশেই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে। সেজন্য সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হয়েছে। ঢাকা থেকে সার্ভার ঠিক করতে লোকজন আসছেন। তারা এলে ঠিক করবেন।
এ বিষয়ে জানতে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের উপ-পরিচালক তারিক সালমানের মুঠোফোনে কল করা হলে রিসিভ করেন তার ব্যক্তিগত সহকারী শাহাদাত।
তিনি বলেন, সকাল ৯টা থেকে আমাদের সার্ভার ফল্ট করার কারণে সকল কার্যক্রম বন্ধ আছে। মূলত সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় আজ কাউকেই সেবা প্রদান করা যায়নি।কখন নাগাদ সমাধান হতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যে যন্ত্রাংশ নষ্ট হয়েছে তা ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। যন্ত্রাংশ এলে আমাদের টেকনিশিয়ানরা কাজ করবে সমাধানে। আশা করা যাচ্ছে আগামীকাল নাগাদ ঠিক হবে।
















