ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন মরিশাসের প্রেসিডেন্ট

86

সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন ও তার পত্নী সয়যুক্তা রুপন শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। তিনি মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন।

Advertisement
spot_img

এবি পার্টি কেন্দ্রীয় দপ্তর পরিদর্শনে নির্বাচন কমিশন কর্মকর্তারা
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বলেন, ‘মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছান এবং শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।’

তিনি জানান, অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরও পাঁচজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেয়ার পর পৃথ্বীরাজসিংহ রুপন, তার পত্নী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন।

পরিদর্শনকালে মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিংহ রুপনকে একটি উত্তরীয় পরিয়ে (উৎসবের স্কার্ফ) দিয়ে অভ্যর্থনা জানান এবং ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সর্বজনীন পূজা কমিটির রমেন মণ্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, জয়ন্ত কুমার দে প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পৃথ্বীরাজসিংহ রুপন নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটোসেশনে যোগ দেন। সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।

মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন-২০২৩’ এবং দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন।

Advertisement
spot_img