আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ

89

প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গেলেও পুনরায় সেই বাধা থাকবে না— এমন আশায় আয়ারল্যান্ডের বিপক্ষে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আজ কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

Advertisement
spot_img

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচে আধিপত্যে বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রান করেন টাইগাররা। এই স্কোর সন্তোষজনক না হলেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১৬ দশমিক ৩ ওভারে ৬৫ রানের বিনিময়ে আয়ারল্যান্ডের ৩ উইকেট শিকার করেছিলেন টাইগাররা।

প্রশ্ন উঠেছে, বৃষ্টির পূর্বাভাস থাকার পরও কেন স্পিনারদের দিয়ে দ্রুত ২০ ওভার পর্যন্ত বোলিং সম্পন্ন করেননি অধিনায়ক তামিম ইকবাল। অন্তত ২০ ওভার খেলা হলে বৃষ্টি আইনে ম্যাচের ফল আসতে পারত। বিশেষ করে প্রশ্ন উঠেছে, কেন সাকিব আল হাসানকে আক্রমণে আনা হয়নি।

প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ৬১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটাররা আশানুরূপ ব্যাটিং করতে পারেননি।

শান্ত বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এখানে ২৯০-৩০০ রান করা সম্ভব ছিল। কিন্তু মাঠে নামার আগে উইকেট সম্পর্কে আমাদের ধারণা ঠিক ছিল না।

তিনি আরও বলেন, ‘আমরা বড় কোনো জুটি গড়তে পারিনি। এটি বড় একটি বিষয় ছিল। আমরা যদি একটি ভালো জুটি করতে পারতাম তা হলে তিনশর বেশি রান হতো।’

বাংলাদেশের মাত্র দুটি হাফ-সেঞ্চুরির জুটি ছিল। শান্ত ও তৌহিদ হৃদয় ৫০ এবং মুশফিক ও মেহেদি হাসান মিরাজ ৬৫ রানের জুটি গড়েন।

পরিসংখ্যান বলছে, আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে দুদল। ৯টিতে জয় ও দুটিতে হেরেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল আয়ারল্যান্ড। ২০১০ সালে বেলফাস্টে শেষবার বাংলাদেশকে হারিয়েছিল আইরিশরা। বাংলাদেশের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে কোনোটিতেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আয়ারল্যান্ড।

Advertisement
spot_img