আজ ৯ মে। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমের জন্মদিন আজ! আয়ারল্যান্ডের শুরুর তোপে বাংলাদেশ কিছুটা বিপদেই যেন পড়ে গিয়েছিল। সেই বিপদ থেকে দলকে রক্ষা করলেন মুশফিক। দারুণ এক ফিফটিতে জন্মদিনটাও রাঙালেন মিস্টার ডিপেন্ডেবল।
মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ড কাউন্ট্রি গ্রাউন্ডে দলীয় ১০২ রানে চতুর্থ উইকেট হারানোর পর ব্যাটিং করতে ক্রিজে নামেন মুশফিক। তবে তিনি যখন ব্যাটিংয়ে এসেছেন, তখন ব্যাকফুটে চলে গিয়ে কিছুটা চাপেই ছিল দল।
ওপাশে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় দলীয় ১২২ রানে বিদায় নেন। তার ৩১ বলে ২৭ রানের ইনিংসের পরও অল্পতেই গুঁটিতে যাওয়ার শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে মেহেদি হাসান মিরাজকে নিয়ে দলকে টেনে নিয়ে যান তিনি।
মিরাজের সাথে ৬৫ রানের জুটি গড়ে পাল্টা আক্রমণে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিক। ষষ্ঠ উইকেটে দলের সংগ্রহ দুইশর কাছাকাছি নিয়ে যান তারা। তবে মিরাজ ২৭ রান করে বিদায় নেওয়ার পর তাইজুলের সাথে জুটি গড়েন সাবেক এই অধিনায়ক।
এরপর ৬১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফসেঞ্চুরি ছুঁয়ে ফেলেন মুশফিক। কিন্তু সেই ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। জস লিটলের বলে ৬১ রান করে বিদায় নেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ।