
জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল অবসর ভেঙে ফিরলেও ক্রিকেটে কবে ফিরবেন, তা নিয়ে রয়েছে বেশ জল্পনা-কল্পনা। লম্বা সময় ধরে ভোগা পিঠের ইনজুরি থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে যাবেন তামিম। সেখানকার রিপোর্ট দেখে এরপর নেওয়া হবে তামিমের ফেরার বিষয়ে সিদ্ধান্ত।
যদিও তামিমের ফেরা নিয়ে রয়েছে বেশ ধোঁয়াশা। কেননা হুট করেই বাঁ-হাতি এই ওপেনারের এশিয়া কাপ ও বিশ্বকাপে অংশ নেওয়ায় সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
পিঠের ইনজুরি কাটিয়ে উঠতে তামিমকে হয় ইনজেকশন নিতে হবে, না-হয় করতে হবে পুনর্বাসন। যদি এই দুই উপায়ে না-হয় তবে বাঁ-হাতি এই তারকাকে করাতে হবে অস্ত্রোপচার। আর সেটি হলে অন্তত চার মাসের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তামিমকে। এতে করে শঙ্কা জেগেছে এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমের খেলা নিয়ে।
বোর্ডের একটি সূত্র আরটিভিকে জানান, ‘তামিমের যেই অবস্থা, তাতে একদম শেষ পর্যায়ের চিকিৎসা হিসেবে ওর অস্ত্রোপচার করা লাগতে পারে। আগে দেখা যাক ওখানকার (লন্ডনের) চিকিৎসকদের রিপোর্টে কী আসে। ইনজেকশন বা রিহ্যাবে যদি হয়ে যায়, তাহলে তো হলোই। না-হলে লাস্ট অপশন অস্ত্রোপচার।’
তিনি আরও বলেন, ‘বোর্ডের চিকিৎসকরা ধারণা করছেন অস্ত্রোপচার করা হলে পুরোপুরি ফিট হয়ে ফিরতে ওর (তামিম) অন্তত চার মাস লাগবে। বোর্ডের পক্ষ থেকে আমরা অস্ত্রোপচারের প্রস্তুতিও ব্যাকআপ হিসেবে নিয়ে রাখছি। দেখা যাক, রিপোর্ট আসুক। আমাদের মেডিক্যাল ইউনিট দেখুক। এরপর সিদ্ধান্ত।’
তামিমের ফেরা ও তার অধিনায়কত্ব নিয়ে শঙ্কার কালো মেঘ আরও ঘনীভূত হয়েছে রোববার (২৩ জুলাই) বোর্ড সভাপতির মন্তব্যের পর। বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘তামিম আমাদের ওয়ার্ল্ডকাপের ক্যাপ্টেন। ও না-থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না-হলে অন্য কেউ করবে।’
সবই ঠিক। শুধু ‘না-হলে অন্য কেউ করবে’ এই কথায় আরও একটি নাটকের পর্ব শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
যদি তামিমকে যেতে হয় অস্ত্রোপচারের মধ্য দিয়ে তাহলে কে হবেন এশিয়া কাপ ও বিশ্বকাপে তার উত্তরসূরি?
পাইপলাইনে রয়েছেন এ ক্ষেত্রে দুজন। ওয়ানডে দলের সহ-অধিনায়ক লিটন কুমার দাস এ ক্ষেত্রে বেশ এগিয়েই রয়েছেন। কেননা তামিমের অবর্তমানে বেশ কয়েকটি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে যে নামটি সেটি হলো সাকিব আল হাসান। তামিমের অবর্তমানে বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের নেতৃত্বে বাংলাদশ এশিয়া কাপ না-খেললেও বিশ্বকাপ খেলতে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। তাছাড়া হেড কোচ হাথুরুসিংহে ও সাকিব আল হাসানের রসায়নটা বেশ। তার প্রতিফলন দেখা গেছে সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি দলের পাফরম্যান্সেই।এখন দেখার বিষয় তামিমের ফেরার জল কোথায় গিয়ে গড়ায় শেষ পর্যন্ত।
















