কুমিল্লায় বিএনপির গাড়িবহরে আ.লীগের হামলা, আহত ৫৪

109

নোয়াখালীতে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রায় অংশ নিতে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে যাচ্ছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। পথে তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৫৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement
spot_img

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার লাকসামে ঘটনাটি ঘটেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ এই হামলার ঘটনা ঘটিয়েছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন বলেন, তারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে প্রায় ৬৫টি গাড়ি নিয়ে নোয়াখালীতে বিএনপি আয়োজিত পদযাত্রায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার লাকসামে জনসন বাজার এলাকায় লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুইয়ার নেতৃত্বে গাড়িবহরে ভাঙচুর ও নেতাকর্মীদেরকে লাঠি-সোটা এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে ৫৪ নেতাকর্মী আহত এবং ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।

তিনি বলেন, মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুতর আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- মোল্লা মজিবুল হক, মো: নায়েব আলী, অ্যাডভোকেট নাছির আহমেদ, মো: ফারুক আহমেদ বাদশা, বশিরুল ইসলাম মোল্লা, নাছির উদ্দিন, হেদায়েত হোসেন, কবির হোসেন, তোফাজ্জল হোসেন, সালাউদ্দিন আহমেদ প্রমুখ। এরা সবাই মুমূর্ষু অবস্থায় কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া আরো প্রায় ৪৪ জনের বেশি বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে হামলার ঘটনা অস্বীকার করে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুইয়া বলেন, বিএনপির পদযাত্রা এবং তাদের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

Advertisement
spot_img