এফবিসিসিআই নির্বাচন: খেলাপি হওয়ায় ৩২ ব্যবসায়ীর মনোনয়ন বাতিল

112

ঋণ ও করখেলাপির কারণে ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারসহ ৩২ জনের মনোনয়ন বাতিল করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড।

Advertisement
spot_img

ফলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক হতে পারছেন না দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী বোর্ড।

এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড মঙ্গলবার ২০২৩-২৫ সালে ফেডারেশনের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ১০৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে।

এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং সদস্য কে এম এন মনজুরুল হক ও মো. শামসুল আলম স্বাক্ষরিত তালিকা গণমাধ্যমে আসে। সেখানে মোট ৩৪ জনের নাম উল্লেখ করা হয়। তাদের বেশির ভাগই কর ও ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন নির্বাচনী বোর্ডের তালিকায়। এই ৩৪ জনের মধ্যে ৩২ জনের মনোনয়নই বাতিল করা হয়েছে।

মো. শফিকুল ইসলাম ভরসাকে ঋণ ও করখেলাপি হিসেবে উল্লেখ করা হয়েছে। মো. খোরশেদ আলম, মো. সাহাব উদ্দিন, খন্দকার রুহুল আমিনের মনোনয়নও বাতিল হয়েছে। এছাড়া করখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছে সৈয়দ সাদাত আলমাস কবিরের। মো. মনসুর, নিজাউদ্দিন রাজেশ, হাজি মো. আবুল হাশেম, সিরাজুল ইসলাম, মো. রাকিবুল আলম, সালমা হোসেন, মো. জাকির হোসেন ও তাহের আহমেদ সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া স্বাক্ষর না মেলার কারণে ফজলে শাহিন এহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মৌসুমি ইসলাম ও মো. আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে ভোটার নম্বরে কাটাকাটি থাকার কারণে।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে মনোনয়ন জমা দেয়া নজরুল ইসলাম মজুমদারসহ মোট ছয়জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন- মো. আবুল হোসেন, এম আখতারুজ্জামান, মো. আবুল বাশার, খন্দকার এনায়েতউল্লাহ ও মো. হাবিব উল্লাহ ডন।

অন্যদিকে চেম্বার গ্রুপ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যারা মনোনয়ন জমা দিয়েছিলেন, তাদের মধ্যে মোট ছয়জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণখেলাপি হওয়ার অভিযোগে বাতিল হয়েছে মো. আলি হোসেন, মোহাম্মাদ রিয়াদ আলি ও মো. ফয়েজুর রহমান ভূঁইয়ার মনোনয়ন। করখেলাপি হওয়ার কারণ দেখিয়ে চেম্বার গ্রুপ থেকে বাতিল করা হয়েছে হাসিনা নেওয়াজ, মো. শাহ জালাল ও মোহাব্বত উল্লাহর মনোনয়ন।

এছাড়া চেম্বার গ্রুপ থেকে মনোনয়নপত্র জমা দেয়াদের মধ্যে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ঋণখেলাপি হওয়ার অভিযোগে মো. নিজাম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া করখেলাপি হওয়ায় আবুল কাশেম খান, সামিউল হক সাফা ও সুজিব রঞ্জন দাসের মনোনয়ন বাতিল হয়েছে।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে মো. আবদুল হক ও এনায়েত উল্লাহ সিদ্দিকীর মনোনয়ন আপাতত স্থগিত আছে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যয়ন পাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

প্রার্থিতা ফিরে পেতে সবাই নির্বাচন পর্ষদে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, ৩১ জুলাই এফবিসিসিআইয়ের ২৩ পরিচালক পদে ভোট হবে।

 

Advertisement
spot_img