ছেঁড়া দ্বীপ @ নাসিমা হক মুক্তা

235

ছেঁড়া দ্বীপ
@ নাসিমা হক মুক্তা

Advertisement
spot_img

সে একা, বড় একা
ধনে- মনে ও জনে তবুও বাঁধে না কাউকে
সঙ্গোপনে আরও একা
ভেতরের কুটুম কাঁদে, বেশ কাঁদে
নিজের কুঠুরিতে গহীন বনবাসের আত্মা
পাখির মত সুর করে
প্রকৃতির অস্থায়ী বাসার দায়ে
যতটুকু বাঁধে
ততটুকু ঝড়,বৃষ্টি, খরা ও বন্যায় ডুবে যায়
সে কেবলি একলা ওড়ে, একলা ঘুরে
সুতোর কোথাও টান নেই
ধনে- মনে ও জনে

কোথায় যায়, কী গায়
তা বেমালুম এক শ্রীহীন ভাঙা কাচ
আয়নায় যে মুখ ভাসে তা বেশ বিমর্ষ ভয়
জীবনকালে যেটুকু আনন্দ, সেটুকু আঁখি ধারা
হাসে উদাস পদ্যে, গায় উপোস গদ্যে
এর নাম ছেঁড়া দ্বীপ
উপকূলে বন্ধনহীন রাস্তার সমুদ্রতট
যা মিলেমিশে একাকার হয়ে
ডালিমের ফুলে ঝুলে থাকা কাঠঠোকরার
রসহীন ঠোঁট….

Advertisement
spot_img